বলিউড সুপারস্টার সালমান খানসহ পাঁচ অভিনেতার বিরুদ্ধে আজ কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। বাকি চার আসামি হলেন, সাইফ আলী খান, টা...

বলিউড সুপারস্টার সালমান খানসহ পাঁচ অভিনেতার বিরুদ্ধে আজ কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। বাকি চার আসামি হলেন, সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম। ২০ বছর আগে রাজস্থানের কঙ্কানি গ্রামের দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে করা মামলায় যোদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি আজ রায় ঘোষণা করবেন। রায় উপলক্ষে বৃহস্পতিবার সকালেই আদালতে পৌঁছেছেন সালমান খান। তার সঙ্গে রয়েছেন দুই বোন আলভিরা ও অর্পিতা। এ আগে বুধবার সকালে যোদপুরে পৌঁছান টাবু। ওই সময়ে তাকে উত্ত্যক্ত ও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নিরাপত্তাবেষ্টনী ভেঙে টাবুর একেবারে কাছে পৌঁছে যায় এক ব্যক্তি। তিনি অভিনেত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। বাউন্সাররা তাকে কোনোমতে সরিয়ে টাবুকে গাড়িতে তুলে দেন।

অন্যদিকে যোদপুর বিমানবন্দরে পৌঁছে গাড়িচালকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল সাইফ আলী খানের বিরুদ্ধে। সাংবাদিকদের দেখে উত্তেজিত হয়ে পড়েন তিনি। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে জোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খান, সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধে। গত ২৮ মার্চ নিম্নআদালতে হরিণ হত্যা মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়। সালমান খানের আইনজীবী এইচএম সারস্বতের দাবি, সরকারি কৌঁসুলি অভিযোগের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল, তাও প্রমাণ করতে পারেননি।
সূত্র বলিউড নিউজ
COMMENTS