ভারতসহ বিশ্বব্যাপী ১ হাজার ৮০০ কোটি আয় করে আলোচনা জন্ম দিয়েছিল বহুল আলোচিত ছবি ‘বাহুবলী-টু’। দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসার দিক দিয়ে ভারতীয় সিনে...

ভারতসহ বিশ্বব্যাপী ১ হাজার ৮০০ কোটি আয় করে আলোচনা জন্ম দিয়েছিল বহুল আলোচিত ছবি ‘বাহুবলী-টু’। দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসার দিক দিয়ে ভারতীয় সিনেমার বক্স অফিসের ইতিহাস ওলট-পালট করে দেওয়া প্রভাস-আনুশকার ছবি এবার মুক্তি পাচ্ছে চীনে।
একসঙ্গে চীনের ছয় হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’। আগামী মে মাসের ৪ তারিখে ছবিটি মুক্তি পাবে সেখানে। চীনে মুক্তি পাওয়া নিয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রভাসের ‘বাহুবলী’। সবার প্রশ্ন, পারবে কি আমির খানের ‘দঙ্গল’কে পেছনে ফেলতে।
চীনের বক্স অফিসের সূত্রে জানা গেছে, আমিরের মুক্তি পাওয়া প্রথম ছবি ‘পিকে’ সে দেশে আয় করে ১২১ কোটি রুপি, ‘দঙ্গল’–এর আয় ১ হাজার ৩৩০ কোটি রুপি, ‘সিক্রেট সুপারস্টার’ চীনের বক্স অফিসে আয় করে ৭৬৮ কোটি রুপি, যা এ ছবির ভারতীয় বক্স অফিসের আয়ের চেয়েও বেশি। এদিকে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ চীনে আয় করতে সক্ষম হয় ২৯৩ কোটি রুপি, অবশ্য ভারতে মুক্তির দুই বছর পর চীনে ছবিটি মুক্তি দেওয়া হয়। তত দিনে অনেকেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবিটি দেখে ফেলেছেন। আর চীনে সম্প্রতি মুক্তি পাওয়া ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার আয় মাত্র ১৪০ কোটি রুপি। এ ছাড়া বলিউডের বাকি যে ছবি চীনে মুক্তি পেয়েছে, তার আয় উল্লেখযোগ্য নয়। তাই এবার ‘দঙ্গল’কে টক্কর দিতে চীন পাড়ি দিতে যাওয়া ‘বাহুবলী ২’ সে দেশে উন্মাদনা জাগাতে পারে কি না, এখন দেখার অপেক্ষা সেটাই। চীনের বাজারে আমিরের ‘দঙ্গল’কে টপকাতে পারবে কি না প্রভাসের ‘বাহুবলী-টু’, তা মে মাসের প্রথম সপ্তাহেই জানা যাবে।
COMMENTS